গানের ভুবন থেকে হঠাৎ করে রাজনীতিতে যুক্ত হয়ে আলোচনার জন্ম দেওয়া কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে নির্বাচন কমিশনে আপিল করে তিনি জানালেন, যে সমস্যায় প্রার্থিতা বাতিল হয়েছে তা সেরে ফেলেছেন। ফলে প্রার্থিতা ফিরে পাবেন তিনি।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন ডলি সায়ন্তনী। পরে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তবে অন্য কোনো ষড়যন্ত্র নয়, নিজের ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে বলে মনে করেন এই কণ্ঠশিল্পী।
মনোনয়ন বাতিলে কোনো ষড়যন্ত্র নেই জানিয়ে তিনি বলেন, কারণ এটা আমারই দোষ, আমি এটা খেয়াল করিনি। আমার ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে।
ডলি সায়ন্তনী বলেন, আমার ক্রেডিট কার্ডের ছোট একটা ভুল ছিল। সেটা ঠিকঠাক করে জমা দিয়েছি। আশা করছি সবকিছু দেখে আমার মনোনয়ন বৈধ করবে কমিশন।
তিনি আরও বলেন, এতদিন গান করেছি। অনেকদিনের আশা ছিল এলাকার জন্য কিছু করব। সে সুযোগটা বিএনএম দিয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমের পক্ষে পাবনা-২ আসনের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন তিনি। এর আগে রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পাবনা জেলা প্রশাসক।
বিএনএমে যোগ দেওয়ার দিনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে প্রার্থী হতে দলটির মনোনয়ন ফরম তোলেন ডলি সায়ন্তনী।