শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

সাভারে উত্যক্তের পর ছুরিকাঘাত করে নিলা রায় (১৪) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে হত্যা করেছে মিজানুর রহমান চৌধুরী নামে এক বখাটে যুবক।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম। এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে হাসপাতাল থেকে ফেরার পথে তাকে ছুরিকাঘাত করে বখাটে ওই যুবক।

নিহত নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুলে লেখাপড়া করত। বখাটে মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানায়, মিজানুর নিলাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলো। নিলাকে সে প্রেমের প্রস্তাবও দিয়েছিলো। প্রস্তাবে রাজি না হওয়ায় এদিন রাত নয়টার দিকে সাভারের পালপাড়া এলাকার একটি হাসপাতাল থেকে ভাইসহ ফেরার পথে নিলার ভাইকে ভয়ভীতি দেখিয়ে নিলার গলাসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই যুবক। পরে স্থানীয়রা নিলাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD