বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক।
এর আগে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে শাজাহানপুর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকা থেকে ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট পাঁচবিবি উপজেলার উছনা পশ্চিমপাড়া গ্রামের মৃত রফিক মন্ডলের মেয়ে নাছিমা বেগম (৪১) ও একই উপজেলার নগরগাছি পূর্বপাড়া গ্রামের রহমান মাছুয়ার মেয়ে রেহেনা বেগম (৩০)।
ডিবির ওসি আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।