মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার ঘটনায় ভেতরে আটকে পড়া সবগুলো যানবাহন উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিআইডব্লিউটিএ’র প্রধান সমন্বয়ক ও যুগ্ম পরিচালক ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফজলুর রহমান বলেন, বিআইডব্লিউটিসির তালিকা অনুযায়ী সবগুলো যানবাহনই উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার দিন একটি মোটরসাইকেল ও ৪টি ট্রাক উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে ৫টি যান, তৃতীয় দিনে ৩টি যানসহ ১২টি যানবাহন উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আজ শনিবার (৩০ অক্টোবর) চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু হয় সকাল ৮টায়। এদিন ৩টি মোটরসাইকেল, একটি কাভার্ডভ্যান এবং শেষ একটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করার পরপরই ডুবে যাওয়া যানবাহন উদ্ধার কার্যক্রম শেষ হয়।
উল্লেখ্য, গত বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায় ফেরি আমানত শাহ।