বঙ্গবাজার অগ্নিকাণ্ডের সময় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বংশাল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের সদরদপ্তর ও সদস্যদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে পুলিশের উপর হামলা করা হয়। অগ্নিকাণ্ডের দিন পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি জাফর হোসেন।
এদিকে অগ্নিকাণ্ডের সময় কাজে বাধা, সদস্যদের উপর হামলা ও সদর দপ্তরে ভাঙচুরের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের কথা রয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।