শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বজ্রপাত আতঙ্ক, নেই দৃশ্যমান প্রস্তুতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১

করোনা মহামারিজনিত পরিস্থিতির মধ্যে বাংলাদেশে আরেক আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে বজ্রপাত। বজ্রপাত বলতে আকাশের আলোর ঝলকানিকে বোঝায়। এই সময় উক্ত এলাকার বাতাসের প্রসারণ এবং সংকোচনের ফলে আমরা বিকট শব্দ শুনতে পাই। এ ধরনের বৈদ্যুতিক আধানের নির্গমন দুটি মেঘের মধ্যে অথবা একটি মেঘ এবং ভূমির মধ্যেও হতে পারে।

গত কয়েক দিন ধরে চলমান বজ্রপাতে মৃত্যুর সংখ্যা যেন কমছে না, দিন দিন বেড়েই চলছে। যার শিকার হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও। বজ্রপাতের এমন তাণ্ডবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

গতকালকেও (৬ জুন) বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্রগ্রাম, সিরাজগঞ্জ, ফেনী, টাঙ্গাইল, রংপুর ও মুন্সিগঞ্জে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটে। গত ৫ জুন তিন জেলায় মারা গেছে অন্তত ৬ জন।

মাসের হিসেবে, চলতি বছরের এপ্রিল ও মে মাসে বজ্রপাতে সারা দেশে অন্তত ১২৬ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে এপ্রিলে মারা গেছে ৭ জন ও মে মাসে মারা গেছে ১১৯ জন।

অন্যদিকে বছরের হিসেবে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০২০ সাল এই ১১ বছরে দেশে বজ্রপাতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৩৭৯ জন। ২০২০ সালে বজ্রপাতে মারা গেছেন ২৯৮ জন। তবে সবচেয়ে বেশি বজ্রপাতে প্রাণহানি ঘটেছে ২০১৮ সালে, ৩৫৯ জন। ২০১৭ সালে মারা গেছেন ৩০১ জন। ২০১৬ সালে ২০৫ জন, ২০১৫ সালে ১৬০ জন, ২০১৪ সালে ১৭০ জন, ২০১৩ সালে ১৮৫ জন, ২০১২ সালে ২০১ জন, ২০১১ সালে ১৭৯ জন এবং ২০১০ সালে ১২৩ জন বজ্রপাতে মারা যান।

বজ্রপাতের ফলে প্রাণ হারাচ্ছেন মূলত কর্মক্ষম পুরুষেরা। এর ফলে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ছে। বিভিন্ন সময় বজ্রপাতে হতাহতদের মধ্যে নারী বা শিশু থাকলেও কর্মক্ষম পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি। তারা কাজ করছিল কেউ মাঠে, কেউ নৌকা চালাচ্ছিল, হয়তো বা কেউ কোনও একটা গাছের নিচে বসে বিশ্রাম করছিল।

২০১৬ সালে বজ্রপাতে অন্তত সাড়ে তিন শ মানুষ মারা যাওয়ার পর বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করে সরকার। এরপর বজ্রপাত রোধে নেওয়া হয় বিশেষ পরিকল্পনা এবং শুরু হয় সতর্কীকরণ কর্মসূচি। কিন্তু তাতে ভাটা পড়েনি মৃত্যুর মিছিলে।

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বজ্রপাতেই বেশি মানুষ মারা যাচ্ছে। এই প্রবণতা ভারত ও নেপালেও ক্রমশ দৃশ্যমান হচ্ছে। দুর্যোগ ও আবহাওয়া বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাত হচ্ছে, এটা বলার সময় এখনো আসেনি। তবে তাপমাত্রার সঙ্গে বজ্রঝড়ের সম্পর্ক নিয়ে কোনো বিতর্ক নেই।

বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ কী, সেটি নিয়ে বাংলাদেশে বিস্তারিত কোনো গবেষণা নেই। তবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন গবেষক এর নানা কারণ তুলে ধরেন। কোনো কোনো গবেষক বলেন, তাপমাত্রা এক ডিগ্রি বাড়লে বজ্রপাতের আশঙ্কা ১০ শতাংশ বেড়ে যায়। পৃথিবীর যে কয়েকটি অঞ্চল বজ্রপাতপ্রবণ, তার মধ্যে দক্ষিণ এশিয়া অন্যতম। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জে। হাওরাঞ্চলেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে বজ্রপাতে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, বজ্রপাতকে দুর্যোগের তালিকাভুক্ত করার পর সারা দেশে ব্যাপক হারে তালগাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সারা দেশে ১০ লাখ তালগাছ রোপণ করা হচ্ছে।

এ প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ পরিচালক নিতাই চন্দ্র দে সরকার জানান, বজ্রপাত মোকাবিলায় উচু গাছ পালা লাগানোর অংশ হিসেবে তাল গাছ লাগানোর প্রকল্প আমাদের চলমান রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহায়তায় ৮ টি জেলায় লাইটিং ডিসট্রাকসন সিস্টেম পকল্প আমরা চালু করছি পরীক্ষামূলকভাবে, যার মাধ্যমে আমরা সফলতা পাচ্ছি। সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট তৈরি করে বিতরণ করা হচ্ছে।ক্যাপাসিটি বিল্ডিং প্রগ্রাম আমরা শুরু করেছি। এছাড়া, বজ্রপাতে নিহত বা আহত ব্যক্তির আর্থিক সহায়তার ব্যবস্থা আমরা করেছি।

২০১৬ সাল থেকে বজ্রপাত কে দুর্যোগ ঘোষণা করে এর করণীয় বিষয়গুলি বিভিন্ন মন্ত্রণালয়ে ও দপ্তরে হালনাগাদ করা হয়েছে। ঝুঁকি নিরূপণ প্রক্রিয়াগুলি চলমান রয়েছে।সবচেয়ে বড় ব্যাপার যেটা সরকারের পক্ষ থেকে হাওড় অঞ্চলে ব্জ্রপাতের হাত থেকে রক্ষা পেতে আশ্রায়ন প্রকল্পের মত বড় প্রকল্প গ্রহণ করেছি বলে জানান তিনি।

প্রায় ২৮ লাখ বীজ সংগৃহীত হয়েছে এবং তা লাগানো হচ্ছে। তবে যেহেতু তালগাছ বড় হতে কিছুটা সময় লাগবে, তাই পাশাপাশি প্রযুক্তিনির্ভর কিছু ব্যবস্থাও তারা গ্রহণ করছে। ভিয়েতনাম ও থাইল্যান্ডকে অনুসরণ করে বজ্রপাত নিয়ন্ত্রণে নানা প্রকল্প গ্রহণ করেছে। এরই মধ্যে দুর্যোগ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ দুটি দেশে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা প্রস্তাবিত টাওয়ারের নকশা চূড়ান্তসহ রাজধানী এবং দেশের বিভিন্ন স্থানে বাড়ির ছাদে বজ্র নিরাপত্তা টাওয়ার এবং হাওর এলাকায় একতলা আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে।

তবে তালগাছ রাস্তার পাশে না লাগিয়ে জমির আইলে লাগানো এবং অন্য প্রজাতির দ্রুত বর্ধনশীল গাছ, যেমন সুপারি, বাবলা ইত্যাদি গাছের কথাও ভাবছেন তারা।

আবহাওয়া দফতর বজ্রপাতের আগাম সংকেত জানতে ‘লাইটেনিং ডিটেকটিভ সেন্সর’ বসানোর কাজে হাত দিয়েছে। ঢাকা, চট্টগ্রাম, পঞ্চগড়ের তেঁতুলিয়া, নওগাঁর বদলগাছি, ময়মনসিংহ, সিলেট, খুলনার কয়রা এবং পটুয়াখালীতে পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে এই সেন্সর। আবহাওয়া দফতর আশা করছে, আটটি সেন্সরে পুরো দেশের চিত্র উঠে আসবে। একেকটি সেন্সরের সীমা হচ্ছে ২৫০ কিলোমিটার। প্রতিটি সেন্সর থেকে এক হাজার কিলোমিটার পর্যন্ত মনিটরিং করা যাবে। এক মৌসুমে (এপ্রিল থেকে জুন) দেশে কতবার বিদ্যুৎ চমকায় ও বজ্রপাত হয়, সেটিও সংরক্ষণ করা হবে। চলতি বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তির যাত্রা শুরু হবে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, বাংলাদেশে ১৩টি নদীবন্দরে আবহাওয়া পর্যবেক্ষণাগার শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় বজ্রপাতের সংকেত ও সংখ্যা নিরূপণের যন্ত্রপাতি কেনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে ৬২ কোটি টাকা। যুক্তরাষ্ট্র থেকে ৮টি ডিটেকটিভ সেন্সরের যন্ত্রপাতি কেনায় খরচ হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এই ব্যবস্থা সঠিকভাবে চালু হলে ঝড়-বৃষ্টির সময় কোন জেলায় বজ্রপাত হতে পারে, তা সুনির্দিষ্ট করে বলতে পারবে আবহাওয়া দফতর। এমনকি ১০ মিনিট থেকে আধা ঘণ্টা আগে বজ্রপাতের সংকেত দেওয়া যাবে।

এতে ওই এলাকার মানুষ নিরাপদ স্থানে চলে যাওয়ার সময় পাবে। ফলে বজ্রপাতে প্রাণহানি কমে আসবে দেশে।

এই কাজটি কমিউনিটি রেডিও নেটওয়ার্কে যুক্ত করা প্রয়োজন। আর আবহাওয়া দফতরের আধুনিকায়নের সঙ্গে সঙ্গে তাদের তথ্য আদান-প্রদানের সনাতন ব্যবস্থা থেকেও বেরিয়ে আসতে হবে।

আর বজ্রপাতে মৃত মানুষদের পরিবারকে সরকারি তরফ থেকে আর্থিক কিছু সহায়তা দেওয়া হলেও যে শত শত মানুষ অসহায় অবস্থায় বেঁচে থাকছে তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার বিষয়টি এখনো অনেকটাই থেকে যাচ্ছে উপেক্ষিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD