বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

বদলির আবেদন শেষ আজ, জটিলতায় মাউশিতে ছুটছেন শিক্ষকরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নানা জটিলতায় পড়েছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদনকারীরা। এদিকে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদনের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট)। এখন পর্যন্ত প্রায় ১২ হাজার শিক্ষক বদলির আবেদন করেছেন।

বদলি আবেদনের নানা জটিলতা নিরসনে আজ মাউশি ও সফটওয়্যার নির্মাণের ভেন্ডর প্রতিষ্ঠানের প্রতিনিধি বৈঠকে বসবেন।

বুধবার (২৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বদলির জন্য ১১ হাজার ৯৮৬ জন শিক্ষক আবেদন করেছেন। আবেদনের সংখ্যা আরো বাড়বে।

এদিকে শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিয়েছে। এ জটিলতা নিরসনে বৃহস্পতিবার সভায় বসতে যাচ্ছে মাউশি এবং সফটওয়্যার নির্মাণের ভেন্ডর প্রতিষ্ঠান।

সূত্র জানিয়েছে, বদলি আবেদন করতে না পারা অসংখ্য শিক্ষক মাউশিতে ভিড় করছেন। তাদের সবাই প্রায় একই ধরনের সমস্যার কথা জানাচ্ছেন।

পাশাপাশি এ বিষয়ে তাদের ভুল নেই বলে দাবি করছেন। বিষয়গুলো টেলিটককে অবহিত করার পর তারা ভেন্ডর প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেছেন।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামের এক ব্যক্তি বৃহস্পতিবার মাউশিতে আসবেন। তার সঙ্গে বেলা ১১টায় আলোচনা শুরু হবে। সভায় শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে।

এরপর বিষয়গুলো সমাধানযোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠান সেটি করে দেবে। এর আগে, গত ২১ আগস্ট সকাল ১১টা থেকে অনলাইনে এ আবেদন করা শুরু হয়।

সোর্স: কালের কণ্ঠ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD