শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ইরান প্রস্তুত, হামলা হলে বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যেই পুনরায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনো ধরনের আগ্রাসনের কঠিন জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ইরান। শুধু তাই নয়, নতুন করে হামলা হলে পাল্টা আঘাত কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ না রেখে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল পুনরায় হামলা চালালে কঠিন জবাব দেওয়ার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। তার এই হুঁশিয়ারি সম্ভাব্য সংঘাত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো করলো।

শনিবার (২৮ নভেম্বর) ইরানের ‘পবিত্র প্রতিরক্ষা কর্ম ও মূল্যবোধ সংরক্ষণ ও প্রকাশনা ফাউন্ডেশন’ আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জেনারেল হেইদারি স্পষ্ট ভাষায় জানান, শত্রুপক্ষের অপকর্মের জবাব কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। বরং বিশ্বের যেকোনো প্রান্তে ইরানের বিরুদ্ধে আসা যে কোনো হুমকিকেই ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করে পাল্টা আঘাত হানা হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি ও আল্টিমেটামের প্রসঙ্গ টেনে ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, ‘ট্রাম্প আমাদের হুমকি দিয়ে যে সময়সীমা বেঁধে দিচ্ছেন, তার অর্থ হলো তিনি মেজাজ হারিয়েছেন। তার কাজ ও কথা আমাদের জন্য কখনোই নির্ণায়ক ছিল না এবং এর কোনো গুরুত্বও নেই।’

ইরানের সশস্ত্র বাহিনী ট্রাম্পের এই সময়সীমাকে কোনো গুরুত্ব দিচ্ছে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

বৈশ্বিক ভূরাজনীতিতে ইরানের কৌশলগত অবস্থানের গুরুত্ব তুলে ধরে জেনারেল হেইদারি দাবি করেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালি বর্তমানে ইরানি যোদ্ধাদের বিচক্ষণতা ও কর্তৃত্বের কারণে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ইরানের এই প্রভাব অনন্য বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির সমালোচনা করে তিনি আরও বলেন, মার্কিন শাসকগোষ্ঠী কিংবা জায়নবাদী শাসনব্যবস্থা কেউই নিজ নিজ দেশে জনসমর্থন অর্জন করতে পারেনি। উভয়ই রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে, যা প্রমাণ করে যে ওই দেশগুলোর সাধারণ মানুষ তাদের নেতাদের নীতি ও কৌশল প্রত্যাখ্যান করেছে।

জেনারেল হেইদারি উল্লেখ করেন, বিদেশের ওপর নির্ভর না করে অভ্যন্তরীণ উৎপাদন ও আত্মনির্ভরশীলতার ওপর জোর দেওয়ার ফলেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশ এবং আঞ্চলিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ইরান নির্ণায়ক বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে।

সূত্র: আইআরএনএ, আলজাজিরা, মেহের নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD