নারায়ণগঞ্জের বন্দর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযপন করা হয়।
এতে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা, আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তিলায়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ। বন্দরের লক্ষণখোলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
কবি কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, যুগান্তরের সাংবাদিক আতাউর রহমান, ওয়ার্ড কাউন্সিলর হোসনেয়ারা বেগম, সাবেক কাউন্সিলর শাহী ইফাত জাহান মায়া, আওয়ামী লীগ নেতা শাহ আলম, শাহজাহান মোল্লা , সাংবাদিক লতিফ রানা, দীন ইসলাম দীপু , জাপা নেতা জহিরুল ইসলাম শাওন, মাহাদী হাসান, রিয়াজুদ্দিন রাজু, কবি নাজমুল হোসেন খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আল আমিন। এতিম শিক্ষার্থী রিয়াদ হোসেনের কোরআন তিলাওয়াত শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা মহিউদ্দিন। লক্ষণখোলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার দেড় শতাধিক এতিম শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রশিদ বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশে অসংখ্য শিল্পকারখানা তৈরি করে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে গেছেন।
দেশের অর্থনীতির ভিত মজবুত করতে তার ভূমিকা অনস্বীকার্য। স্বপ্নদ্রষ্টার পথেই সত্য প্রকাশের অবিচল থেকে এগিয়ে যাচ্ছে যুগান্তর। বস্তুনিষ্ট সাংবাদিকতা ও সাহসিকতার কারণে যুগান্তর লাখো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। প্রধান অতিথির বক্তব্যের আগে প্রয়াত যমুনা গ্রুপের চেয়ারম্যানের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
লাইটনিউজ