স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে বরগুনায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বের ‘সর্ববৃহৎ’ ফানুস উড়বে বরগুনার আকাশে। আগামীকাল রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় বরগুনার সার্কিট হাউস মাঠে এ ফানুসটি ওড়ানো হবে।
আজ শনিবার (২৭ মার্চ) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের মুজিব অঙ্গনে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
সার্কিট হাউজ মাঠে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।
বরগুনার সাইন্স সোসাইটি সূত্রে জানা গেছে, স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে তৈরি ৫০ ফিট উচ্চতা ৩৪ ফুট ৮ ইঞ্চি প্রশস্ত এ সর্ববৃহৎ ফানুসটির নাম রাখা হয়েছে বিবি-২০২১। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্থান পাওয়ার লক্ষ্যে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় পৃথিবীর সর্ববৃহৎ এ ফানুসটি তৈরি করছে বরগুনার সাইন্স সোসাইটি।
বরগুনা সাইন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদ জানান, স্বাধীনতার ৫০ বছরকে পৃথিবীর বুকে স্মরনীয় করে রাখতে ৫০ ফিট উচ্চতার ফানুস ওড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছি আমরা।
সাইন্স সোসাইটির উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. জুলফিকার আমিন বাবু বলেন, ২৫ মার্চ থেকে বরগুনা সাইন্স সোসাইটির ১১ জন দক্ষ সদস্য এ ফানুস তৈরির কাজ শুরু করেন।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বিশ্ব রেকর্ড গড়া একটি আনন্দের বিষয়। মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার উদযাপনকে স্মরণীয় করতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি, আমাদের এ উদ্যোগ যথার্থভাবে বাস্তবায়িত হবে। এছাড়া এ উদ্যোগের ফলে স্থানী মানুষ একটি আনন্দঘন পরিবেশ উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ ফানুস ওড়ানোর রেকর্ড রয়েছে কলম্বিয়ার। ৩৮ ফুট তিন ইঞ্চি উচ্চতা এবং ৩২ ফুট নয় ইঞ্চি প্রশস্তের ফানুস ওড়ানো হয় কলাম্বিয়া কাউকা বলিভারে। ২০০৯ সালে ১১ জানুয়ারি জেসুস আলবার্টৌ নামের একজন এ ফানুসটি উড়িয়ে জায়গা করে নিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ডে।
লাইটনিউজ