বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় করোনাভাইরাসের আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
ড. মোমেন জানান, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও ২৫ জন মন্ত্রী অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪ মিলিয়ন ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা আসে। এসব টিকা কোভ্যাক্সের আওতায় পাবে বাংলাদেশ।
বাংলাদেশের টিকা পরিস্থিতি তুলে ধরেন ড. এ কে আব্দুল মোমেন। তার তথ্যানুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ৮ কোটি ২৪ লাখ ১১ হাজার ১৫২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ কোটি ২২ লাখ ৫৯ হাজার ৭০৫ জন।
বাংলাদেশের বিভিন্ন ওষুধ প্রতিষ্ঠান যেন করোনা প্রতিরোধক টিকা উৎপাদন করতে পারে সেজন্য তাদের সহযোগিতা ও উৎসাহ দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।