স্পোর্টস রিপোর্টার : নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলার উদ্দেশ্যে নিয়ে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ ফুটবল দল। ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মুখে ছিঁপি বাংলাদেশ কোচ জেমি ডের। তার শিষ্য সোহেল রানা অবশ্য শোনালেন আশার কথা। বললেন নেপাল থেকে চ্যাম্পিয়ন হয়ে ফেরার লক্ষ্য তাদের।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আগামী মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের। ২৭ মার্চ পরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। আগের দিন ক্যাম্পের তৃতীয় ও শেষ দিনের প্রস্তুতির মাঝে সোহেল জানালেন লক্ষ্য।
ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলব, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই চাইব ট্রফিটা দেশে নিয়ে আসতে। দল যত শক্তিশালীই হোক, কেউ ট্রফির নিশ্চয়তা দিতে পারবে না। তবে আমরা চেষ্টা করতে পারি।
নেপালে গিয়ে দিন পাঁচেক প্রস্তুতির সময় পাবে বাংলাদেশ। সোহেল জানালেন সেখানে গিয়েই টেকনিক্যাল দিক নিয়ে কাজ করবেন কোচ।
যেহেতু লম্বা সময় আমরা লিগে খেলেছি, সেহেতু কোচ বেশি নজর দিচ্ছে আমাদের রিকভারিতে। কিভাবে আমরা সেরা এফোর্ট দিতে পারি, সেটা নিয়ে কাজ করছে। পাসিং, ফিনিশিং, ডিফেন্ডিং নিয়ে কাজ হয়েছে। টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ হয়নি, সেগুলো নিয়ে নেপালে গিয়ে কাজ হবে।
নেপাল যেহেতু পাহাড়ী এলাকা, সেখানে দম নিতে আমাদের একটু সমস্যা হয়। যেহেতু আমরা একটু আগে যাচ্ছি, সেহেতু চেষ্টা করব, ওদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার, যাতে আমরা ভালো করতে পারি প্রথম ম্যাচে।
লিগের প্রথম ধাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দেশিদের মধ্যে ৬টি করে গোল নিয়ে শীর্ষে সুমন রেজা ও মোহাম্মদ আব্দুল্লাহ। উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন নেপালেও ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাসী।
লিগে দেশি ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হওয়াটা অবশ্যই আমাকে বাড়তি আত্মবিশ্বাস দিবে। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অবশ্যই ভালো লাগবে। নতুন যারা আছে, তারাও যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে দল ভালো করবে।
বাংলাদেশ দলে করোনার হানা
এদিকে নেপালে যাওয়ার আগে লাল-সবুজ দলে করোনাভাইরাসের হানা। উইঙ্গার রাকিব হোসেন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম আবাহনীর এই ফুটবলার এখন হোটেল রুমে আইসোলোশনে আছেন।
গত মঙ্গলবার করোনা পরীক্ষা করা হয়েছিল সবার। সেই পরীক্ষার ফলে শুধু রাকিব পজিটিভ এসেছেন। কোভিডে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি তিনি।
জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন নিশ্চিত করেছেন বিষয়টি, সবার করোনা পরীক্ষা হয়েছে। শুধু রাকিব পজিটিভ হয়েছে। আপাতত হোটেলে আলাদা রুমে আইসোলোশনে রাখা হয়েছে তাকে। আমরা আবারও তাকে পরীক্ষা করতে দিয়েছি। সেই ফলের ওপর নির্ভর করছে সে নেপাল যেতে পারবে কিনা।
২৩ মার্চ প্রথম ম্যাচে প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দল
অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) আয়োজিত ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্টে বাংলাদেশ মাঠে নামবে উদ্বোধনী দিনে। ২৩ মার্চ প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান অলিম্পিক দল। ২৩ থেকে ২৯ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৭ মার্চ স্বাগতিক নেপালের বিপক্ষে। ২৫ মার্চ নেপাল খেলবে কিরগিস্তানের বিপক্ষে। পয়েন্টে শীর্ষে থাকা দুই দল ফাইনালে মুখোমুখি হবে ২৯ মার্চ।
এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ আগামী বৃহস্পতিবার কাঠমান্ডু যাচ্ছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই হিমালয়ের দেশটিতে যাবে লাল-সবুজ জার্সিধারীরা। যদিও কোচ জেমি ডে শুরু থেকেই বলছেন, এই টুর্নামেন্টটা হবে তার জন্য জুনের বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচের পরীক্ষা। নতুন কিছু খেলোয়াড় ডাকা হয়েছে। তাদের প্রমাণের দারুণ মঞ্চ নেপালের এই টুর্নামেন্ট।