বাংলামোটরের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বাংলামোটরের ১০ তলা ভবনের ষষ্ঠ তলায় শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়ভাবে জানা গেছে, দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসায় ভবনে পানি দেওয়া বন্ধ করে দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে লোকজন প্রবেশ করে প্রয়োজনীয় মালামাল খোঁজার চেষ্টা করছে। ১০ তলা ভবনের লিফটের ৬ তলা হলেও মূলত ৭ তলায় আগুনের ঘটনা ঘটে। সেখানে বিদেশি খেলনার শোরুম ছিল। বিভিন্ন চায়না মালামালে পুরো ফ্লোর ভরা ছিল। যেগুলো আগুনে পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
ভবনটিতে বিভিন্ন বেসরকারি অফিস আছে এবং ভবনটিতে আবাসিক বাসিন্দারা বসবাস করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা ভেতর থেকে তাড়াহুড়ো করে বের হয়ে আসেন। সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।