রাজধানীর বাসাবো এলাকার খালে অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপা।
এ সময় ইরফান উদ্দিন আহমেদ বলেন, আমরা খালের পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। সকাল থেকে প্রায় ১২টি ছোট ব্রীজ ভাঙা হয়েছে। যেগুলো অবৈধ ছিলো। এছাড়া খামার বাড়ী নামের একটি ১০তলা ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।
বেলা ৩টার দিকে অভিযান কার্যক্রম পরিদর্শনে আসেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন। তিনি বলেন, সিটি কর্পোরেশন খাল বুঝে পাওয়ার পর থেকেই মেয়র মহোদয়ের নির্দেশে আমরা খালের অবৈধ দখল উচ্ছেদ এবং বর্জ্য অপসারণে কাজ শুরু করছি। খাল দখল মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। খাল যত দূর গিয়েছে আমরাও তত দূর যাবো। খালের পাড়ের অবৈধ দখল উচ্ছেদ করে সেখানে আমরা ওয়াকওয়ে তৈরি করবো।
লাইটনিউজ