ফেনী বাইপাস সড়কের ফতেহপুর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া আজ বুধবার সকালের এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি জানান, ইউনিক সার্ভিসের যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি মহাসড়কে উল্টোপথে চট্টগ্রাম যাওয়ার পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), ফিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ফিরোজপুর জেলার মনির হোসেন ও জমির উদ্দিনের নাম জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ নায়েক জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় লক্ষীপুর জেলার রিয়াজ উদ্দিন নামে আরো একজন মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, দূর্ঘটনা কবলিত বাস-কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।