মিরপুরে যেন উৎসবের আমেজ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর ফটক দিয়ে প্রবেশ করতেই সেই উৎসবের আঁচ পাওয়া যায়। বিশাল, বিশাল কার্পেটের ওপর চলছে রং-তুলির আঁচড়। সেগুলো আগামীকাল বসবে মূল মাঠে।
পৃষ্ঠপোষকদের নাম সম্বলিত সেই কার্পেটগুলো ম্যাচ চলাকালীন মাঠের সৌন্দর্য বর্ধন করবে।
মিরপুরের একাডিমে মাঠে আজ যেন বসেছিল তারার মেলা। বিপিএলে অংশ নেওয়া ৭ দলের ৪টি দলই আজ অনুশীলন করে এই ছোট মাঠে। সেখানে অংশ নেন দলগুলোর বিদেশি ক্রিকেটাররাও।
দীর্ঘদিন পর একে অন্যের সঙ্গে দেখা, প্রতিপক্ষ দলে থাকেলও ভাতৃত্ববোধও ফুটে উঠল ক্রিকেটারদের মধ্যে।
এই সব আয়োজন যে মাঠের লড়াই ঘিরে, সে মাঠেও লেগেছে উৎসবের রং। প্রোডাকশন হাউজের কর্মীরা আজ সারাদিন বেশ ব্যস্ত সময় পার করেন। দীর্ঘদিন পর মিরপুরের আকাশে দেখা মিল স্পাইডার ক্যামেরার।
প্রস্তুতি হিসেবে রোবটিক ক্যামেরার চাকাও ঘুরেছে আজ। স্টেডিয়ামের বিভিন্ন কোনায় বসানো হয়েছে ফোর-কে ইউএচডি ক্যামেরা। এসব প্রযুক্তির সুফল পাবেন টেলিভিশন দর্শকরা।
পরিচ্ছন্নতা কর্মীরাও আজ ব্যস্ত সময় কাটিয়েছেন। কাল দুপুর আড়াইটায় উদ্বোধনী ম্যাচ, তার আগে সমর্থকরা যে চেয়ারে এসে বসবেন, সেগুলো ধোয়ামোছা হয়েছে আজ।
একই সঙ্গে রাতের ম্যাচগুলো আরো জমকালো করতে স্টেডিয়ামের বিসিবি ভবনে বসানো হয়েছে অনেকগুলো মিউজিক লাইট।
সময় স্বল্পতা এবং নিরাপত্তার অভাবকে ঢাল বানিয়ে এবার বিপিএল শুরুর আগে ঘটা করে উদ্বোধনী অনুষ্ঠান করবে না বলে জানিয়েছে বিসিবি। তবে আগামীকাল প্রথম ম্যাচ শুরুর আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার ভাবনা আছে বলে জানা গেছে। তারই একটি অনুশীনল দেখা গেল আজ বিকেলে।