রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারে চাপা পড়ে মারা যাওয়া পাঁচজনের মরদেহ বুঝে নিতে মর্গের সামনে অপেক্ষায় রয়েছেন স্বজনরা।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে বসে আহাজারি ও স্মৃতিচারণা করতে দেখা গেছে তাদের।
সোমবার বিকেলে উত্তরা জসীমউদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে ক্রেন দিয়ে একটি গার্ডার ওপরে ওঠানো হচ্ছিল। এ সময় ক্রেন উল্টে সেটি প্রাইভেটকারের ওপর পড়ে। গার্ডার পড়ে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা সাতজনের মধ্যে পাঁচজন নিহত হয়।
নিহতরা হলেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। বেঁচে যাওয়া দুইজন হচ্ছেন নবদম্পতি হৃদয় ও রিয়া মনি। গত শনিবার (১৩ আগস্ট) তাদের বিয়ে হয়। তারা বর্তমানে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
হৃদয়ের খালাতো ভাই রাকিব হোসেন গণমাধ্যমকে বলেন, গত শনিবার হৃদয় ও রিয়ার বিয়ে হয়। স্ত্রী ও স্বজনদের নিয়ে আশুলিয়ায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হৃদয়। পথেই এ ঘটনা ঘটে।
তিনি বলেন, বিয়েবাড়ির আনন্দ উৎসব শেষ না হতেই পুরো পরিবারে বিভীষিকা নেমে এসেছে। আমাদের কিছু বলারও ভাষা নেই।
এদিক, মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. নাশেদ জামিল বলেন, যথাযথ প্রক্রিয়ায় মরদেহগুলোর ময়নাতদন্ত হয়েছে। মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন কবে নাগাদ পাওয়া যাবে, সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
আর চিকিৎসাধীন নবদম্পতি প্রসঙ্গে সোমবার (১৫ আগস্ট) রাতে হাসপাতালের চিকিৎসক ড. এন আলম মাসুদ গণমাধ্যমকে বলেন, হৃদয়ের ডান পায়ে আঘাত সামান্য। দুজনেই প্রায় অক্ষত রয়েছেন। তাদের শারীরিক সমস্যা নেই। তবে মানসিক ট্রমা কাটিয়ে উঠতে সময় লাগবে। দুজনকে তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে।