জাতীয় দলের আরও এক তরুণ ক্রিকেট তারকা জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে দিলেন। তিনি নাজমুল হোসেন শান্ত। আজ সকালে একটি ঝাপসা ছবি সোশ্যাল সাইটে পোস্ট করার মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন, অতঃপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন।
সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, ‘তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে এবং আমি কোনোদিন আমার জীবনে অন্য কাউকে ভাবিনি। তুমিই আমার নারী, যে আমার জীবন আরও সুন্দর করে তুলেছে। প্রিয়, আমি তোমাকে ভালোবাসি।’
স্ত্রীর নাম সাবরিন সুলতানা রত্না। রাজশাহীতে শনিবার ছোট্ট পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিকতা। তারা দুজনেই রাজশাহীর।
শান্ত জানালেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে শুধু দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে তৃতীয় বর্ষে পড়ছেন সাবরিনা।