ভারতের কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নক্ষত্রপতন ঘটেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুপারস্টার পুনীত রাজকুমারের।,শুক্রবার স্থানীয় সময় বেলা ১১.৩০ টার দিকে অচৈতন্য অবস্থায় বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতাতে নিয়ে যাওয়া হয় পুনীত রাজকুমারকে। দ্রুত তাঁর চিকিত্সা শুরু হয়, কিন্তু শেষরক্ষা হয়নি
কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমানি ‘পাওয়ার’ তারকার অসুস্থতার খবর পেয়েই ছুটেছিলেন বিক্রম হাসপাতালে। এদিন দুপুর সোয়া তিনটে নাগাদ বিক্রমের মৃত্যুর খবর টুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘আমি গভীরভাবে শোকাহত আজ আমাদের কর্নাটকের গর্ব পুনীত রাজকুমার হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেলেন। কন্নড়বাসীর প্রিয় অভিনেতা, আপ্পু-র চলে যাওয়াটা আমাদের জন্য বিরাট ও অপূরণীয় ক্ষতি, ভগবানের কাছে ওঁনার আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর শক্তি দিক ওঁনার পরিবার, প্রিয়জন ও অনুরাগীদের এই শোক বহন করবার’।
ভালোবেসে পুনীতকে ‘আপ্পু’ বলে তাঁকে সম্বোধন করেন অনুরাগীরা। কন্নড় চলচ্চিত্রে প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব রাজকুমারের ছোট ছেলে। পুনীতের হার্ট অ্যাটাকের খবর পেয়ে উদ্বিগ্ন অনুরাগীরা ভিড় জমিয়েছিল হাসপাতাল চত্বরে, বর্তমানে সেখানে শোকের পরিবেশ। কন্নার রোল পড়েছে বিক্রম হাসপাতালে। পুলিশের পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা। অভিনেতার বাড়ির আশেপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এদিন সকালে জিমে কসরত করছিলেন তিনি। এরপর হঠাৎ করেই বুকে যন্ত্রণা শুরু হয়, এবং মূহূর্তের মধ্যেই সংজ্ঞা হারান তিনি। অচৈতন্য অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
শিশুশিল্পী হিসাবে অভিনয় শুরু করেছিলেন পুনীত। এখনও পর্যন্ত ২৯ টির বেশি কন্নড় ছবিতে অভিনয় করেছেন। ১৯৮৫ সালে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র সম্মানে ভূষিত হয়েছিলেন পুনীথ, বেত্তাধা হুভু ছবির জন্য। ২০০২ সালে ‘আপ্পু’ ছবির সঙ্গে লিড হিরো হিসাবে আত্মপ্রকাশ করেন পুনীত। পরবর্তী সময়ে আকাশ,আরাসু, মিলনা, ভামসি, জ্যাকি, পরমাত্মা, পাওয়ার-এর মতো সুপারহিট কন্নড় ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।