ঝুলে আছে ফিলিপ্পে কুতিনহোর ভবিষ্যত। আগামী মৌসুমে তাকে কোথায় খেলতে হবে তা জানেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এই মৌসুমে বায়ার্ন মিউনিখে ধারে খেলেছেন তিনি। কিন্তু তাকে আর রাখতে চাচ্ছে না বাভারিয়ান ক্লাবটি। বার্সেলোনাও লিভারপুলের সাবেক মিডফিল্ডারকে ফেরাতে রাজি নয়। তবে চুক্তি অনুযায়ী কুতিনহোকে ন্যু ক্যাম্পে ফেরাতেই হচ্ছে বার্সার।
ফিরলেও সেটা হতে পারে সাময়িক সময়ের জন্য। ব্রাজিলের মধ্যমাঠের সারথিকে ইংলিশ ফুটবলে ফেরত পাঠানোর কথা ভাবছে বার্সা। তবে সেটা কুতিনহোর পুরনো ঠিকানা লিভারপুলে নয়, তিনি চাইলে যেতে পারেন আর্সেনাল কিংবা নিউক্যাসল ইউনাইটেডে। মঙ্গলবার তাকে এমন প্রস্তাবই দিয়েছে বার্সা। কুতিনহো রাজি হন কিনা সেটাই এখন দেখার।
কুতিনহোকে না খেলিয়ে ইন্টার মিলান থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজকে দলে টানতে চায় কাতালান জায়ান্টরা। স্বদেশীর বিষয়ে আপত্তি নেই ক্লাব অধিনায়ক লিওনেল মেসির। তাই কুতিনহোকে বিক্রি করে আয়কৃত অর্থ দিয়ে মার্টিনেজকে আনার পরিকল্পনা করছে বার্সা। তাদের পরিকল্পনা ভেস্তে যেতে পারে যদি কুতিনহো ইংলিশ ফুটবলে ফিরতে আপত্তি জানান।
লিভারপুলে পাঁচ বছর কাটিয়ে ২০১৮ সালে বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ২৮ বছর বয়সী এই তারকা ন্যু ক্যাম্পে প্রথম মৌসুমে সুবিধা করতে পারেননি। পরে তাকে ধারে খেলতে গত বছর জার্মান ফুটবলে পাঠিয়ে দেয় বার্সা। নতুন মৌসুমে কুতিনহোকে বায়ার্ন মিউনিখ রেখে দিতে পারতো, কিন্তু মোটা অংক খরচ করার মতো ঝুঁকি নিতে চায়নি বাভারিয়ানরা।