টি-টোয়েন্টি ক্রিকেটের রাজা বলা হয় ক্রিস গেইলকে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আলো ছড়িয়ে ক্যারিবীয় সেনসেশন হয়েছেন বিনোদনের ফেরিওয়ালা। যে কোনো সময় ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিতে পারেন এই ব্যাটিং দৈত্য। তার আগেই সম্ভবত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগকে (সিপিএল) বিদায় জানিয়ে দিলেন গেইল।
আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সিপিএলের অষ্টম আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে এই টুর্নামেন্ট ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে বল মাঠে গড়াক কিংবা না গড়াক সিপিএলের পরবর্তী আসর থেকে সরে দাঁড়িয়েছেন গেইল। যার অর্থ দাঁড়াচ্ছে, গত মৌসুমে সিপিএলের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।
সিপিএলের গত আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন গেইল। কিন্তু তাকে স্কোয়াড থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটির নতুন ম্যানেজমেন্ট এবং কোচ রামনারেশ সারওয়ান। এনিয়ে সারওয়ানকে ধুয়ে দিয়েছিলেন গেইল। পরে সেন্ট লুসিয়ার হয়ে খেলার ঘোষণা দেন ক্যারিবীয় ড্যাশিং ওপেনারের। কিন্তু গতকাল ই-মেইলে সেন্ট লুসিয়াকেও দুঃসংবাদ দিলেন গেইল। ই-মেইলে জানান, ব্যক্তিগত কারণে টুর্নামেন্টেই খেলবেন না তিনি।
আজ ভিডিও কনফারেন্সে সিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ঠিক একদিন আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গেইল। এ প্রসঙ্গে কাল রাতে সিপিএলের মুখপাত্র বলেছেন, ‘আমরা বুঝতে পারছি যে, ক্রিস (গেইল) ব্যক্তিগত কারণে সিপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। ক্রিসের জন্য শুভ কামনা এবং আশা করছি ২০২১ সালের সিপিএলে তাকে আমরা দেখতে পাবো।’
সিপিএলের নতুন আসর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে আয়োজন হওয়ার কথা। সরকারের সবুজ সংকেত পেলেই টুর্নামেন্ট মাঠে গড়াবে। তবে অন্যবারের তুলনায় এবার টুর্নামেন্টে কম পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা। ৪০ বছর পয়সী গেইল পারিশ্রমিক হিসেবে পেতেন এক লাখ ১২ হাজার ইউরো।