নতুন পুরস্কারে সম্মানিত হচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। সম্প্রতি এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে ট্রফি বিতরণ নিয়ে সৃষ্ট বিতর্কে তার সাহসী ও নীতিনিষ্ঠ অবস্থানের জন্য তাকে দেওয়া হবে ‘শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’। এমনটায় জানায় পাকিস্তানের দৈনিক দ্য নেশন-এর প্রতিবেদনে।
পাকিস্তানের সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গুলাম আব্বাস জামাল জানিয়েছেন, ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক ও ক্রীড়াগত উত্তেজনার মাঝে নকভির পদক্ষেপ দেশের মর্যাদা রক্ষা করেছে। এশিয়া কাপ ফাইনালে ভারতীয় দলের ক্রিকেটাররা নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়, যা রাজনৈতিক সংকেত হিসেবে দেখা হয়। পরে নকভি নিজেই ট্রফি নিজের কাছে রেখে দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ভারতীয় দল চাইলে অফিসিয়াল ভাবে এএসিসির প্রধান কার্যালয় থেকে ট্রফি নিতে পারে।
নকভি বলেন, ‘আমি কোনো ভুল করিনি এবং বিসিসিআই’র কাছে ক্ষমা চাইব না।’ তার এই দৃঢ় অবস্থান পাকিস্তানে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং অনেকেই এটিকে জাতীয় মর্যাদা ও সাহসের প্রতীক মনে করছেন।
পুরস্কার প্রদানের আনুষ্ঠানিক অনুষ্ঠান করাচিতে অনুষ্ঠিত হবে, যেখানে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠান পরিচালনার জন্য বিশেষ একটি কমিটি গঠিত হয়েছে।
এই ঘটনার পেছনে রয়েছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা। পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়। এশিয়া কাপের সময়ও এই প্রতিক্রিয়া ফুটে ওঠে, যেখানে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করে এবং ফাইনালে জয় সত্ত্বেও ট্রফি নিতে রাজি হয়নি।
বিসিসিআই ইতোমধ্যেই এএসিসির বার্ষিক সভায় বিষয়টি তুলেছে এবং নভেম্বরের আইসিসি বৈঠকে আনুষ্ঠানিক অভিযোগ করার কথা ভাবছে।