রাজধানীর মগবাজার এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবাসহ শফিক মন্ডল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ।
বুধবার (৪ আগস্ট) দুপুরে অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কতিপয় পেশাদার মাদক ব্যবসায়ী মগবাজার চৌরাস্তার হোটেল ডি তাজ এর সামনে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৫ টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় শফিককে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে একটি প্লাস্টিকের ব্যাগে বিশেষ কায়দায় সিমেন্ট-বালির প্রলেপযুক্ত পাটা-পোতা সদৃশ বস্তুর ভিতরে রক্ষিত ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত শফিক কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি দামে বিক্রি করতো। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।