ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি। তাকে হারানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে কালীঘাটে মমতার বাড়িতে গিয়ে এ কথা বলেন তিনি। সদ্য সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায় অখিলেশকে অভ্যর্থনা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে সাবেক এই মুখ্যমন্ত্রী অভিষেককে বুকে জড়িয়ে ধরেন। তার পিঠ চাপড়ে অখিলেশ বলেন, ‘খুব ভালো লড়াই করেছে তৃণমূল’। এরপর বাড়ির গেটে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা মাত্রই তার গায়ে উত্তরীয় ও শাল জড়িয়ে সম্মান জানান।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার ভোট নিয়ে মন্তব্য করেন অখিলেশ। শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে অখিলেশ যাদব বলেন, ‘তিনি হারেননি। নির্বাচনে বেইমানি হয়েছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হবে। যখন স্বচ্ছ নির্বাচন হয়েছে, তখন তিনি জিতেছেন। তবে এবার বিজেপি, কমিশন, ওদের সঙ্গী, আন্ডারগ্রাউন্ডের লোকজন যা করেছে, তা বেইমানি।’
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনকে পাশে নিয়ে অখিলেশ বলেন, ‘বিজেপি উত্তরপ্রদেশে বেইমানির ট্রায়াল দিয়েছিল। পুরো ভোট লুটে নিয়েছে। বাংলায় সেটাই করল।’
অখিলেশের দাবি, বিজেপি শাসিত উত্তর প্রদেশে যখন ভোট হয়েছে, তখন কোনো অফিসারকে সরানো হয়নি। আর বাংলায় তখন পুরো স্ট্রাকচার বদল করে নিজেদের মতো সাজানো হয়েছে। বুলেট দিয়ে ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে। পুরো ভোট প্রক্রিয়া উল্টে দেওয়া হয়েছে মন্তব্য করেন অখিলেশ।
তার ভাষ্য, এখন আগে রেজাল্ট বেরোয়, তারপর গণনা হয়, তারপর ভোটট হয়, তারপর ভোটার লিস্ট ঠিক হবে। নারীরা এগিয়ে যাক কখনও দেখতে পারে বিজেপি। এরা ক্ষমতার জন্য অনেক দূর যেতে পারে। আমরা দিদির লড়াইতে পাশে আছি। দেশের মানুষ জাগবেই। এভাবেই বিজেপির এই আগ্রাসন রুখে দেওয়া যাবে।
ইন্ডিয়া জোটের বড় দুই শরিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস ও তামিলনাড়ুতে ডিএমকে। বিধানসভা নির্বাচনে দুই দলের বড় হার জোটের ভবিষ্যৎ নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছিল। এমন সময় অখিলেশ ও মমতার সাক্ষাৎ বেশ তাৎপর্যপূর্ণ বলছে রাজনৈতিক মহল।