ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৮৭ জন মারা গেছেন। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছে।
করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন, জামালপুর সদরের শাহনাজ (৩৫) ও নেত্রকোনা কেন্দুয়া উপজেলার সেলিনা (৩৫)। এছাড়াও ময়মনসিংহ সদরের পারুল (৫০) ও ধোবাউড়া উপজেলার হামিদা (৬০) করোনা উপসর্গ নিয়ে মারা যান।
মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ১৪ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪০১ টি নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪. ৯৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮২৭ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৭২১ জন।