মালদ্বীপে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় নিখোঁজ হওয়া চার ইতালীয় ডুবুরির লাশ উদ্ধার করা হয়েছে। গেল সপ্তাহে স্কুবা ডাইভিংয়ে দূর্ঘটনায় নিখোঁজ হয় এই পর্যটকরা।
কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (১৮ মে) ফিনল্যান্ড ও মালদ্বীপের অত্যন্ত প্রশিক্ষিত ডুবুরিদের একটি যৌথ দল মালদ্বীপের ভায়াভু অ্যাটলের ৬০ মিটার (১৯৭ ফুট) গভীর গুহার ভেতর থেকে ইতালীয়দের উদ্ধার করা হয়। তবে এখনো দেহগুলো ওপরে আনা সম্ভব হয়নি।
মালদ্বীপ সরকারের মুখপাত্র আহমেদ শাম জানিয়েছেন, পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে মরদেহগুলো পানির ওপরে আনার চেষ্টা করা হবে।
গেল বৃহস্পতিবারের দুর্ঘটনার কিছুক্ষণ পরেই দলটির এক ইতালীয় ডুবুরির মরদেহ উদ্ধার করা হয়েছিল। বাকিরা নিখোঁজ ছিল।
গেল শনিবার দলটির নিখোঁজ ইতালীয় ডুবুরিদের খোঁজার সময় একজন মালদ্বীপীয় উদ্ধারকারী ডুবুরিও মারা গেছেন।
প্রবাল দ্বীপপুঞ্জের স্কুবা ডাইভিং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
ভারত মহাসাগরের এই ক্ষুদ্র দেশটিতে এটিকে সবচেয়ে ভয়াবহ একক ডাইভিং দুর্ঘটনা বলে জানা গেছে।
সূত্র: বিবিসি