মালয়েশিয়ায় স্থানীয় ও বিদেশি শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বর্তমান ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৪০ লাখের বেশি বিদেশি কর্মী উপকৃত হতে পারেন। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।
শুক্রবার (৯ অক্টোবর) মালয়েশিয়ার পার্লামেন্টে ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী বছরের জুন থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে।
২০২৭ সালের জন্য ৪৫৯ দশমিক ৮ বিলিয়ন রিঙ্গিতের (১১২ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলার) সম্প্রসারণমূলক বাজেট প্রস্তাব করেছেন আনোয়ার ইব্রাহিম। সংসদে প্রায় দুই ঘণ্টার ভাষণে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের আয় বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমাদের প্রশ্ন শুধু এই নয় যে অর্থনীতিকে কতটা বড় করে গড়ে তোলা হবে, বরং এর প্রবৃদ্ধি পরিবারগুলোকে সঞ্চয় গড়ার, শ্রমিকদের আরও মর্যাদাপূর্ণ মজুরি পাওয়ার এবং ক্ষুদ্র ব্যবসাগুলোকে ক্রমাগত বিকাশের সুযোগ করে দেবে কি না।’
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩০০ রিঙ্গিত বাড়বে। অর্থাৎ, বর্তমানের তুলনায় মজুরি বাড়বে প্রায় ১৭ দশমিক ৬৫ শতাংশ। এতে শ্রমিকদের আয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা, বাসাভাড়া ও যাতায়াতসহ দৈনন্দিন খরচ মেটাতে কিছুটা স্বস্তি মিলতে পারে।
মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক নির্মাণ, উৎপাদন, পরিষেবা ও অন্যান্য খাতে কর্মরত রয়েছেন। নতুন ন্যূনতম মজুরি কার্যকর হলে সংশ্লিষ্ট বিধানের আওতাভুক্ত বাংলাদেশি কর্মীরাও এর সুফল পেতে পারেন।