নিপা সাহা। ১৪ বছরের এই কিশোরী জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী। বাবা ধীরেন চন্দ্র সাহাও একজন বাক প্রতিবন্ধী। আর এদেরকে ঘিরেই ছিল নিপার মা শ্যামলী রানী সাহার জীবন যুদ্ধ। তবুও চলছিল জীবন। কিন্তু আগুন শেষ করে দিল ঢাকা জেলার দক্ষিণ জয়পাড়া এলাকার দরিদ্র এই পরিবারটিকে। শেকল বদ্ধ ঘরে দগ্ধ হয়ে জীবনের ইতি ঘটলো প্রতিবন্ধী নিপার। আর পুড়ে ছাই হয়ে গেল একটু একটু করে জমানো জীবনের সব সঞ্চয় ও মাথা গোঁজার ঠাঁইটুকু।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ঘটে এমন হৃদয়বিদারক ঘটনা।
জানা যায়, এলাকার একটি মন্দিরে দু’বেলা মাসিক বেতনে কাজ করেন মা শ্যামলী সাহা। বাক প্রতিবন্ধী স্বামী কাজের প্রয়োজনে সারাদিনই থাকেন বাইরে। এ কারনে কাজে গেলে প্রতিবন্ধী মেয়েটিকে ঘরে রেখে বাহির থেকে শেকল দিয়ে যান মা শ্যামলী সাহা। বৃহস্পতিবার সন্ধ্যায়ও মেয়েকে ঘরে রেখে মন্দিরে কাজে গিয়েছিলেন তিনি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের বসতঘরে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরে ছাই হয়ে যায় ঘরটি সহ সব মালামাল । আর ঘরে থাকা প্রতিবন্ধী নিপাকে উদ্ধার করা হয় দগ্ধ মৃত অবস্থায়।
কান্নাজড়িত কন্ঠে নিহত নিপার মা শ্যামলী সাহা বলেন, মন্দিরে গেছিলাম পূজা দিতে ও কাজ শেষ করতে। ঘরে মেয়েডারে একলা রাইখা গেছিলাম। শিকলা না দিয়া গেলে একলা যদি বাইর হইয়া যায় এর লাইগা। এমন অইব কে জানত। আইসা মাইয়ার লাশ পাইছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দরিদ্র এ পরিবারটির পড়ার কাপড়টিও পর্যন্ত আগুনে পুড়ে ছাই হয়ে আছে। ঘরে তাকা কৌটার মধ্যে কষ্টে জমানো বেশ কিছু টাকা ছিল। সেগুলো পেলেও অর্ধেকটা আগুনে পুড়ে গিয়েছিল। অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু এ আগুন শেষ করে দিয়েছে একটি দরিদ্র পরিবারের সবকিছু। চোখে মুখে যেন অন্ধকার দেখছেন নিপার মা শ্যামলী সাহা ও বাক প্রতিবন্ধী বাবা ধীরেন সাহা।
তবে এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছেন দোহার উপজেলা প্রশাসন। শুক্রবার তাৎক্ষনিকভাবে আর্থিক ও খাদ্য সহায়তা নিয়ে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ ও সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র। কথা দিয়েছেন পুড়ে যাওয়া ঘর নির্মাণে টিন ও নগদ টাকা প্রদানের।
দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, ঘটনাটি জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। আগুনে পরিবারটির বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমন অবস্থায় তাৎক্ষনিক আমরা অসহায় পরিবারটিকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। পরবর্তীতে ঘর তোলার জন্য টিন ও নগদ টাকা প্রদান করা হবে।
লাইটনিউজ