মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

মুশফিকুরের নিলামে ব্যাট বিক্রির অর্থে বগুড়ায় নমুনা সংগ্রহের বুথ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

 

নিলামে নিজের সবচেয়ে প্রিয় ইতিহাস গড়া ব্যাট বিক্রির অর্থ থেকে বগুড়ায় করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বুথের ব্যবস্থা করে দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

বুধবার (১৭ জুন) বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নমুনা সংগ্রহের দুটি সেফটি বুথ এবং চিকিৎসকদের জন্য একটি সেফটি চেম্বার স্থাপন করা হয়।

বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন বুথগুলোর উদ্বোধন করেন। এ সময় যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার তানজিম তামিম ও তাওহীদ হৃদয় উপস্থিত ছিলেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মুশফিকুর এই অঞ্চলের অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা দিয়েছেন কয়েক দফা। চিকিৎসকদের জন্য ২০০ পিপিই-ও দিয়েছেন। সম্প্রতি তার ২০০ রান করা ব্যাটটি নিলামে বিক্রির পর তিনি নমুনা সংগ্রহ এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য সেফটি বুথ নির্মাণের জন্য অর্থ দেন। তার অর্থায়নে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে একটি ডক্টর’স সেফটি চেম্বার ও দুটি নমুনা সংগ্রহের বুথ এবং সুত্রাপুর এলাকায় আরেকটি নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে।

বুধবার বিকেল থেকেই এসব বুথে নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

মুশফিকুর রহিম যে ব্যাট দিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ব্যাট গত ১৪ মে নিলামে ১৬ লাখ ৮০ হাজার টাকায় (২০ হাজার মার্কিন ডলার) কিনে নেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। এর আগে ওই নিলামের টাকায় বগুড়ার বিভিন্ন অঞ্চলে হতদরিদ্রদের খাদ্য সহায়তাও দেন বগুড়ায় জন্ম নেওয়া কৃতি ক্রিকেটার মুশফিক।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD