কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পর্যটন শহরটি প্রায় অচল হয়ে পড়েছে।
রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে তার কর্মী, সমর্থক ও বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করছে। এতে কক্সবাজার শহরের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে যান চলাচলও। এতে বিপাকে পড়েছে কয়েক হাজার পর্যটকসহ দূরপাল্লার যাত্রীরা।
গত বুধবার রাত পৌনে ৯টার দিকে শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদারকে (৩২) গুলি করা হয়। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকৎসাধীন। এ ঘটনায় আজ দুপুরে মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আহত মোনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান।
মেয়র মুজিবুর রহমানকে আসামি করে মামলার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় তার কর্মী সমর্থক ও বিক্ষুব্দ লোকজন রাস্তায় নেমে আসে। মিছিল সমাবেশ ও সড়কে ব্যারিকেট দিয়ে তারা প্রতিবাদ জানাতে শুরু করে। এরপর শহরের সব দোকান পাট ও বাস কাউন্টার বন্ধ হয়ে যায়। সড়কের মাঝখানে পৌরসভার ময়লার গাড়ি রেখে যাতায়াত বন্ধ করে দেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন বিক্ষুব্ধ লোকজন। এতে বন্ধ হয়ে গেছে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল। এতে বিপাকে পড়েছেন সৈকত ভ্রমণে আসা ৫০ হাজারের বেশি পর্যটক।
এ বিষয়ে পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়েছে। মোনাফ সিকদার শহরের চিহ্নিত একজন সন্ত্রাসী। হত্যাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি মোনাফ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে শহরের কলাতলী এলাকায় এক ব্যক্তির জমি দখল করে নিয়েছে। তার এসব অপকর্ম আড়াল করার জন্য আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, সাবেক ছাত্রলীগ নেতা মোনাফ সিকদারকে গুলি করার ঘটনায় কারা জড়িত তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।