বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আর্জেন্টিনার ৩০ জনের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। আগামী মাসে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তার দল।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রাথমিক দলে রয়েছেন বার্সেলোনার ক্যাপ্টেন লিওনেল মেসি। স্কোয়াডে তার সঙ্গী হয়েছেন জুভেন্টাস তারকা পাওলো দিবালা ও ইন্টার ফরওয়ার্ড লাওতারো মার্তিনেজ। তবে দল থেকে ছিটকে গেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও সার্জিও আগুয়েরো।
কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা গত নভেম্বরের পর আর কোনো ম্যাচ খেলেনি। তবে খুব দ্রুতই শেষ হচ্ছে আলবিসেলেস্তে শিবিরের অপেক্ষার প্রহর।
আগামী ৮ অক্টোবর বুয়েন্স আয়ার্সে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ক্যাম্পেইন শুরু করবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর বলিভিয়া সফরে যাবেন লিওনেল মেসিরা।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের উদ্বোধনী রাউন্ড হওয়ার কথা ছিল গত মার্চে। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায় সেপ্টেম্বর পর্যন্ত। পরে সূচি পিছিয়ে দেওয়া হয় অক্টোবর পর্যন্ত।
লাইটনিউজ