রাজধানীর মোহাম্মদপুরে দুই ভবনের মাঝখানের লেন থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত পরিচয় (২৫) ওই যুবক কাজী নজরুল ইসলাম সড়কের দুটি ভবনের ফাঁকা জায়গায় পড়ে ছিলেন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের পরনে ছিল গ্যাভার্ডিন প্যান্ট ও কালো টি–শার্ট। মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) মো. আবদুল আলিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি টেলিফোনে বলেন, স্থানীয়দের খবরে দুই ভবনের মাঝখানে পড়ে থাকা ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ। প্রথমে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ও পরে নিউরোসায়েন্সেস হাসপাতাল ঘুরে দুপুর সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি আবদুল আলিম জানান, ধারণা করা হচ্ছে– ভবনে চুরি করতে ওঠার সময় পড়ে গিয়েছিল ওই যুবক। ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে, নাকি অন্য কোনো কারণ আছে, তা নির্ধারণে ময়নাতদন্ত করা হচ্ছে।
লাইটনিউজ