রাজশাহীর বাঘায় পদ্মার চর ভাড়া নিয়ে বসবাস করছেন শত শত পরিবার। তারা সহায়-সম্বল হারিয়ে অনেকে ভূমিহীন মানুষের কাতারে শামিল হয়েছেন।
প্রতি বছর নদী ভাঙনে এসব ভূমিহীন পরিবারের সংখ্যা বাড়ছে। চরের মানুষ অন্যের জমিতে চুক্তিভিত্তিক আশ্রয় নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন।
উপজেলার সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়েছেন এসব ভূমিহীন পরিবার। দফায় দফায় নদী ভাঙনে শত শত পরিবার অন্যের জমি লিজ নিয়ে বছর চুক্তি বাড়ি করে বসবাস করছেন। তারা কোনোরকম মাথা গোঁজার ঠাঁই নিলেও তাদের দুর্ভোগ অবর্ণনীয়।
শুধু বাসস্থান নয়, তাদের কর্মসংস্থান, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, স্যানিটেশন- কোনো ব্যবস্থাই ভালো নয়। কোনোরকম দিনমজুরি করে তারা জীবিকা নির্বাহ করেন। অন্যের জমিতে আশ্রয় নেয়া (চুক্তিভিত্তিক) ওই সব পরিবারের বাসস্থান বন্যার সময় তলিয়ে যায়।
পদ্মার মধ্যে কালিদাসখালী চরে ভাড়া নিয়ে আশ্রয় নেয়া রেজাউল ইসলাম কেন্দু প্রামাণিক, আতর আলী, মাজেদ আলীসহ কয়েকজন জানান, ১৫ থেকে ১৬ বছর যাবত বছরভিত্তিক চুক্তি নিয়ে অন্যের জমিতে বাড়ি করে আছি। এতে ঠিকমতো সংসার চলে না। এছাড়া চুক্তিভিত্তিক জায়গায় বাড়িঘরে মাটি কাটতে পারি না। তাই বন্যার সময় বাড়িঘর তলিয়ে যায়। এতে জীবনযাপন অনেক কষ্টকর। সরকারি ও বেসরকারি সহযোগিতা তেমন পায় না।
পদ্মার চরের মধ্যে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিযুল আযম বলেন, পরিষদ থেকে যতটুকু বরাদ্দ হয়, সেগুলো নিরীহদের মাঝে বণ্টন করে দেয়া হয়। তবে অনেকেই জমি বন্দক নিয়ে বসবাস করছেন। বিভিন্ন মৌজায় নদী ভাঙনে মানুষ কারও আঙিনা কিংবা বন্ধকি জমিতে বাড়ি করে আছেন। উপজেলার সাহায্যে তাদের সমস্যা সমাধান হয় না। তাদের জন্য সার্বিক সহযোগিতা প্রয়োজন।