কোভিড-১৯ মহামারীর মাঝে বাংলাদেশ যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে, তখন একটি ছোটখাট ধাক্কা আসে। পরিবারকে সময় দিতে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি অব্যাহতি দেন। এরপর থেকেই নতুন একজন কোচ খুঁজছিল বিসিবি। সমস্যার সমাধান করেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনিই খোঁজ দেন ক্রেইগ ম্যাকমিলানের। ডমিঙ্গোর ফোন পাওয়ার এক সপ্তাহের মাঝেই রাজি হয়ে যান এই সাবেক কিউই ব্যাটসম্যান।
একটি ইংরেজি পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে ম্যাকমিলান বলেন, ‘ফোনটা পেয়ে আমি কিছুটা অবাক হয়েছিলাম। এক সপ্তাহ এটা নিয়ে ভেবেছি। এই চ্যালেঞ্জটা লুফে নিতে আমি বেশ রোমাঞ্চিত ছিলাম। এটা এমন একটা ব্যাপার, যা নিয়ে আসলে তখন ভাবছিলাম না। তখন মনে হচ্ছিল যে, এই মুহূর্তে বেশি ক্রিকেট হচ্ছে না এবং আমার কাছে যখন একটা সুযোগ এসেছে, সেটা লুফে নিতেই হবে। আমি বাংলাদেশ দল এবং বর্তমান কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে সত্যিই মুখিয়ে আছি।’
আপাতত শ্রীলঙ্কা সফরের জন্য ম্যাকমিলানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, টেস্টের পাশাপাশি ভবিষ্যতে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে তিনি রাজি হবেন কিনা। জবাবে ম্যাকমিলান বলেন, ‘এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরের বেশি কিছু ভাবছি না। এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য কি করতে হবে, সেটা নিয়েই ভাবছি। আমার মনে হয় এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
লাইটনিউজ