স্টাফ রিপোর্টার : আমলারা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বোঝেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘রাজনীতির মাঠে এখন আর রাজনীতিবিদরা নেই। রাজনীতির মাঠে খেলছেন আমলারা। রাজনীতিবিদরা লাইনে বসে খেলা দেখছেন।’

রোববার (২৭ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে পার্টির খুলনা বিভাগ আয়োজিত পোস্টার-ক্যালেন্ডার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে জিএম কাদের এসব কথা বলেন।
আরো পড়ুন : ১৯টি প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার
আরো পড়ুন : অক্সফোর্ডের টিকা যুক্তরাজ্য ও ভারতে অনুমোদন পাচ্ছে সোমবার
আরো পড়ুন : ডিএসইর বাজার মূলধন ইতিহাসের সর্বোচ্চ স্থানে
জাপা চেয়ারম্যান বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের মালিক হচ্ছে জনগণ। তাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করার কথা। কিন্তু কাজ কর্মে এমপিদের খরবই নেই। সচিবরা সব কাজ করেন। মন্ত্রীরা শুধু জানতে চান।’ তিনি বলেন, ‘জনপ্রতিনিধিরাই জনগণের দুঃখ-কষ্ট সবচেয়ে ভালো বোঝেন। তারাই জনগণের বেশি উপকার করতে পারেন। আমলারা হচ্ছেন রোবটের মতো, তারা একটি গণ্ডির ভেতরে কাজ করতে অভ্যস্ত।’
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের মূল্য দিন। জনপ্রতিনিধিরা সুযোগ পেলে দেশের মানুষের অনেক বেশি উপকার হবে। জনপ্রতিনিধিদের উপেক্ষা করে আমলাদের দিয়ে দেশ পরিচালনা কখনোই মঙ্গলজনক হবে না।’
জাতীয় পার্টির খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, সুনীল শুভরায়, বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুস সাত্তার মিয়া, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের, মাহমুদুর রহমান মাহমুদ, নাজনিন সুলতানা, যুগ্ম মহাসচিব শেখ মুহাম্মদ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, হুমায়ুন খান প্রমুখ।
লাইটনিউজ