রাজবাড়ীর সদর উপজেলার বেনী নগরে ক্যাপসিকাম চাষ করে সফলতা পেয়েছেন শহিদুল ইসলাম নামে এক যুবক। তার ক্যাপসিকাম চাষের জমিতে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে এখন ক্যাপসিকাম। ক্যাপসিকামের এমন ফলন দেখতে রাজবাড়ী ছাড়াও প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসছেন বেকার যুবক ও কৃষকেরা। এ ব্যাপারে কথা বলতে গেলে শহিদুল ইসলাম জানান, গেলো বছরের প্রথম দিকে তিন বিঘা জমিতে তিনি ক্যাপসিকাম চাষ শুরু করেন। এতে বেশ ভালো ফলন হয়। আর বাজারে দাম থাকায় লাভ হওয়াতে বর্তমানে তিনি সাত বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করেছেন। আগামীতে যার পরিধি আরও বৃদ্ধি পাবে।
বিষয়টি জানতে পেরে তার এই সফলতার ক্যাপসিকাম পরিদর্শনে যান রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফ ও সদর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস। সে সময় পরিদর্শন শেষে শহিদুলকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তারা।
শহীদুলের ক্যাপসিকাম চাষ দেখতে আসা কয়েক জন দর্শনার্থী জানান, বর্তমান বাজারে চাকরি যেন সোনার হরিণ। যা প্রাপ্তি সবার জন্যে না। তাই পড়াশোনা শেষ করে বেকার না থেকে যাতে কিছু করা যায় সে লক্ষ্যেই ক্যাপসিকাম চাষ ও এর সফলতা দেখতে এসেছেন তারা। এমন একটি ফসল চাষ করে খুব সহজেই স্বাবলম্বী হওয়া যায় বলে মনে করেন তারা ।
রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন শেখ ও সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান জানান, নিয়মিতভাবে ক্যাপসিকাম চাষে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। তাদেরকে সার্বিকভাবে আমরা সহযোগিতা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
সদর উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস জানান, ক্যাপসিকাম চাষে বাণিজ্যিকভাবে একটি সফলতা আছে। সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে রাজবাড়ীতে ব্যাপকভাবে ক্যাপসিকাম উৎপাদন করা সম্ভব। যা নমুনা আমরা ইতোমধ্যে দেখতে পেরেছি। আমরা আশাবাদী খুব শিগগিরই এই ফসল চাষের বাণিজ্যিক প্রভাব রাজবাড়ীতে বিস্তার লাভ করবে।
লাইটনিউজ