বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের পাশে থাকার আশ্বাস দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি এ অভিনেত্রীর বাবা রবি ট্যান্ডন মারা গেছেন। তারই পরিপ্রেক্ষিতে এক শোকবার্তায় এই আশ্বাস দেন নরেন্দ্র মোদি।
রাবিনা এক টুইটি চিঠিটি শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো এ চিঠিতে লেখা হয়েছে—‘রবি ট্যান্ডন ভারতীয় সিনেমাকে তার কাজের মাধ্যমে আরো উন্নত করেছেন। সিনেমা নির্মাণের খুঁটিনাটিও তার বেশ ভালো আয়ত্তে ছিল। তার মৃত্যু কলা জগতের এক অপূর্ণ ক্ষতি।’
চিঠিতে রাবিনার উদ্দেশ্যে মোদি বেশ কিছু কথা লিখেছেন। অভিনেত্রীর উদ্দেশ্যে তিনি লিখেন, ‘আপনার ব্যক্তিত্ব ও সফলতা আপনার জীবনে বাবার দিশা ও মূল্যবোধেরই সুদৃঢ় প্রতিফলন।’ একই সঙ্গে এই কঠিন সময়ে রাবিনা ও তার পরিবারের পাশে থাকার বার্তাও এই চিঠিতে দিয়েছেন মোদি।
প্রধানমন্ত্রীর এ চিঠি পেয়ে আপ্লুত রাবিনা। টুইটে তিনি লিখেন, ‘আজ বাবার ১৩ দিনের কাজ। সবাই বলে এই দিন আত্মা সমস্ত জাগতিক বন্ধন ছেড়ে স্বর্গালোকে পাড়ি দেয়। বাবাকে নিয়ে এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদিজিকে। বিভিন্ন কাজের উদাহরণ ছিলেন আমার বাবা।’
রবি ট্যান্ডন জনপ্রিয় একজন পরিচালক ছিলেন। তার পরিচালিত অনেক জনপ্রিয় সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘খেল খেল মে’, ‘আনহোনি’, ‘নাজরানা’, ‘মজবুর’ প্রভৃতি। ১৯৩৫ সালের ১৭ ফেব্রুয়ারি আগ্রায় জন্মগ্রহণ করেন রবি ট্যান্ডন। তার দুই সন্তান রাজীব ও রাবিনা। শুধু পরিচালনাই নয়, অভিনয় ও সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।