নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া জুস কারখানা থেকে অনন্ত ৫০ মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল আল আরেফিন।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহান জানান, ফায়ার সার্ভিস থেকে তিনি জানতে পেরেছেন অন্তত ৫০ জন মারা গেছেন।
এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে রূপগঞ্জে উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কারখানায় আগুন লাগে।
পরে আগুন নিয়ন্ত্রণে ডেমরা, কাঞ্চন, আড়াইহাজার ও নারায়ণগঞ্জ জেলার মোট ১৮টি ফায়ার সার্ভিসের ইউনিট এক যোগে কাজ করছিল।
এ সময় নিখোঁজ শ্রমিকদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ছয়তলা ভবনটির মধ্যে চতুর্থতলার শ্রমিকরা কেউ বের হতে পারেননি। সিকিউরিটি ইনচার্জ চারতলার কেচি গেটটি বন্ধ করে রাখায় কোনো শ্রমিকই বের হতে পারেননি। সেখানে ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করতেন।
চতুর্থতলার শ্রমিকদের ইনচার্জ মাহবুব, সুফিয়া, তাকিয়া, আমেনা, রাহিমা, রিপন, কম্পা রানী, নাজমুল, মাহমুদ, ওমরিতা, তাছলিমাসহ প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কারখানার সামনে এসে ভিড় করছেন। তাদের আহাজারিতে কারখানার চার পাশ ভারী হয়ে উঠেছে।
স্বজনরা অভিযোগ করে জানান, কারখানা কর্তৃপক্ষের অবহেলায় কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার পরও কারখানা কর্তৃপক্ষ কেচি গেটের তালা না খোলায় শ্রমিকরা বের হতে পারেননি।