শীতের তীব্রতা দিন দিন প্রকট হয়ে উঠেছে হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁওয়ে। দেশের উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড় ও তার পার্শবর্তী জেলা ঠাকুরগাঁও হওয়ায় এখানে শীতের তীব্রতা প্রতি বছরই বেশি থাকে। বর্তমানে বাতাসের আর্দ্রতা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে।
তীব্র শীতে বাড়ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়াসহ নানা রোগ। হাসপাতালে বেড়ে চলেছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. নাদিরুল ইসলাম চপল জানান, স্বাভাবিক অবস্থার চাইতে ২ থেকে ৪ গুন বেশি রোগী ভর্তি হওয়ায় কিছুটা হিমসিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। তবুও কম জনবল নিয়েই রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসকরা। এই হাসপাতালে চিকিৎসার মান অনেক উন্নত হওয়ায় ঠাকুরগাঁও ছাড়াও পার্শ্ববর্তী পঞ্চগড় ও দিনাজপুর জেলার কিছু অংশের অনেকেই আসছেন চিকিৎসা নিতে। গত দুই দিনে শীতজনিত রোগে ঠাকুরগাও সদর হাসপাতালে ৪০ শয্যার বিপরীতে ভর্তি হয়েছে ১০৭ জন শিশু।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, শীত নিবারণে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জেলায় এপর্যন্ত ২৫ হাজার ৪০০ কম্বল ও ৩০ লাখ টাকা পাওয়া গেছে। প্রাপ্ত কম্বল ও টাকা উপজেলা পর্যায়ে বন্টন করে বিতরণ করা হচ্ছে। শীত মোকাবেলায় জেলা প্রশাসনের সকল প্রস্তুতি রয়েছে।
লাইটনিউজ