দিনাজপুরের হিলিতে হঠাৎ জেঁকে বসেছে শীত ও ঘন কুয়াশা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সকল যানবাহন। দুর্ঘটনা এড়াতে ধীরগতিতে গাড়ি চালাচ্ছেন চালকরা।
হিলিতে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে হাকিমপুর কৃষি আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৪ নভেম্বর) সকালে হিলি থেকে জয়পুরহাট, ঘোড়াঘাট ও দিনাজপুর সড়কে দেখা গেছে- বাস, ট্রাক, কার-প্রাইভেটকার, চার্জার ভ্যান-রিকশা, ও ঢাকাগামী সকল গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘন কুয়াশা আর শীতের প্রভাবে গাড়িগুলো ধীরগতিতে চলছে।
ভোর থেকেই কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। বেলা ১১ টা পর্যন্ত সুর্যের মুখ দেখা যায়নি। তবে এরপর থেকে কুয়াশা কমছে।
এদিকে হঠাৎ শীত জেঁকে বসায় অনেককেই শীতে কাঁপতে দেখা যায়। হিলি মহিলা কলেজে ভ্যানচালক রবিউল ইসলাম বলেন, বছরে আজ প্রথম কুয়াশা আর শীত চোখে পড়লো। কুয়াশা আছে, তবে শীত আর ঠাণ্ডা বেশি।
জয়পুরহাট থেকে আসা সিএনজি অটোরিকশাচালক তোফাজ্জল হোসেন বলেন, শীত যেমন-তেমন, কিন্তু কুয়াশা অনেক বেশি। কুয়াশার কারণে গাড়ি নিয়ে আসতে অনেক সমস্যা হয়েছে। খুব ভয়ে গাড়ি চালিয়ে আসলাম।
ঢাকা থেকে আসা ট্রাকচালক ফিরোজ কবির বলেন, ঢাকা থেকে আসলাম, রাস্তায় তেমন কোন শীত বা কুয়াশা দেখিনি। হিলির কাছাকাছি আসার পর শীত আর ঘন কুয়াশার কবলে পড়েছি। অনেক সময় হেডলাইট জ্বালিয়েও কাজ হচ্ছে না। কুয়াশার কারণে একটু দুরে কিছু দেখতে পাচ্ছি না।
হাকিমপুর উপজেলার কৃষি অফিসার ড. মোছা. মমতাজ সুলতানা বলেন, আজ সকালে কৃষি আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে আজ তাপমাত্রা কমেছে, গতকাল তাপমাত্রা ছিলে সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস।