আগামীকাল শুক্রবার (৯ জুলাই) বিয়ের পিঁড়িতে বসার দিন ছিল তৈয়বার। কথাবার্তাও ঠিকঠাক। দুই পরিবারে বিয়ের আয়োজনও চলছিল। কত আনন্দ, হৈ-হুল্লোড়। কিন্তু কে জানতো সেই আনন্দ এসিডে ঝলসে যাবে?
মঙ্গলবার (৬ জুলাই) ভোরে তৈয়বার মুখ এসিডে ঝলসে দেয় দুর্বৃত্তরা। একদিকে ঝলসে যাওয়ার যন্ত্রণা, অপর দিকে বিয়ে নিয়ে অনিশ্চয়তা। এখন কী হবে তৈয়বার? বউ সেজে যেতে পারবে শ্বশুরবাড়ি? এসিড দগ্ধ তৈয়বাকে পুত্রবধূ হিসেবে মেনে নেবে শ্বশুরবাড়ির লোকজন?
তৈয়বার বাবা মোজাফফর আহমদ বলেন, ‘আমার মেয়ের হবু শ্বশুর মমতাজ আহমদ তার পরিবার নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে আমার মেয়েকে দেখতে আসছিলেন। সেসময় মেয়েকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। দেখা না হলেও নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন তারা।
বিয়ের দিন ধার্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘তৈয়বার চিকিৎসা চলছে। এই অবস্থায় বিয়ের কথাবার্তা কিছুই মাথায় ঢুকছে না। শুক্রবার বিয়ের দিন ধার্য থাকলেও মেয়ে সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে হবে না। তবে মেয়ে সুস্থ হলে বিয়ে হবে বলে আশ্বাস দিয়েছেন তারা।’
তৈয়বার হবু শ্বাশুড়ি খুরশিদা বেগম বলেন, ‘খুব শখ করে ছেলের বউ হিসেবে তৈয়বাকে ঘরে তুলতে চেয়েছি। কিন্তু দুষ্কৃতকারীরা এভাবে তাকে এসিডদগ্ধ করবে কখনো ভাবিওনি। আমি ছেলের মুখের দিকে তাকাতে পারছি না। খুব চিন্তায় আছি আমরা।’
খুরশিদা আরও বলেন, ‘নিয়মিত তৈয়বার খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তার পরিবারের সাথে কথা হচ্ছে আমাদের। তৈয়বা যতদিন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছে না, ততদিন আমার ছেলেকে বিয়ে করাব না। যেদিন তৈয়বা সুস্থ হয়ে বাড়ি ফিরবে সেদিন আমরা তার বাড়িতে গিয়ে তাকে দেখব। চেহারা বিকৃত হয়ে গেলে বা চোখ নষ্ট হয়ে গেলে তাকে ছেলের বউ করা অসম্ভব হয়ে পড়বে। যদি তার পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়, তাহলে আমরা সহযোগিতা করব।’
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জুলাই) ভোরে ঘরের বাইরে বের হলে তার ওপর এসিড নিক্ষেপ করে কয়েকজন দুর্বৃত্ত। দগ্ধ তৈয়বা বেগম (১৮) রামু উপজেলার দুর্গম গর্জনিয়ার মাঝিরঘাট এলাকার মোজাফ্ফর আহমদের মেয়ে।
তার পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে স্থানীয় বাদশা মিয়ার ছেলে নুরুল আবছার ভুট্টো ও তার ভাইয়েরা মিলে তৈয়বাকে এসিড মেরে মুখ ঝলসে দেয়।
এদিকে তরুণীকে এসিড নিক্ষেপের ঘটনায় প্রধান অভিযুক্ত নুরুল আবছার ভুট্টোকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) মধ্যরাতে রামু থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে ভুট্টোসহ আরও ৫-৬ জন আসামি করে রামু থানায় মামলা করেন ওই তরুণীর বাবা।