শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ: রওশন এরশাদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

শ‌নিবার (২৬ মার্চ) ‌বি‌দেশ থে‌কে পাঠা‌নো এক অভিনন্দন বার্তায় বিরোধী দলীয় নেতা বলেন, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ। অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে এই দিনটি আমাদের পাওয়া। বাঙালি প্রতিজ্ঞা এবং সংগ্রামের অঙ্গীকারে উদ্দীপ্ত হয় এদিনে। বাঙালি জাতির জীবনে ২৬ মার্চ দিনটি একই সঙ্গে গৌরব ও শোকের।

হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে প্রতিটি বাঙালির মনে নতুন রাষ্ট্র বাংলাদেশের বীজ রোপিত হয়। শুরু হয় মুক্তিযুদ্ধ। মৃত্যুপণ লড়াই ও রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা।

তিনি বলেন, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা এবং শ্রেণি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। এখনও সেই লক্ষ্য পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।

বিরোধী দলীয় নেতা বলেন, বৈষম্যহীন ও দারিদ্রমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণ ও নিষ্পেষণমুক্ত সামাজিক ন্যায়বিচার ভিত্তিক দেশ গড়তে আমাদের আরো কাজ করে যেতে হবে। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির লক্ষে সকল ভেদাভেদ ভুলে মহান স্বাধীনতা দিবসের চেতনায় সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD