শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

সিনিয়র সচিব হলেন কবির বিন আনোয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

 

সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। আজ সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ২৯ জুন থেকে এ আদেশ কার্যকর হবে। সচিব হওয়ার আগে অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় পদে নিযুক্ত ছিলেন সপ্তম (৭ম) ব্যাচের এই কর্মকর্তা।

কবির বিন আনোয়ার ১৯৬৪ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু এবং মা সৈয়েদা ইসাবেলা মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

রেসিডেনসিয়াল স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে রাষ্ট্রবিজ্ঞানে এমএ সম্পন্ন করার পর এলএলবি ডিগ্রী অর্জন করেন।

জানা গেছে, পেশাগত পরিধির বাইরেও নানা সামাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন কবির বিন আনোয়ার। তিনি বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব, জাতীয় সম্পত্তি বিষয়ক কমিটি এবং বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের চেয়ারম্যানসহ একাধিক প্রতিষ্ঠানে সরব ভূমিকা রাখছেন।

সরকারের শীর্ষস্থানীয় এ কর্মকর্তা যেকোনো দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে মায়ের নামে চালু করেছেন ইসাবেলা ফাউন্ডেশন।

অন্যদিকে, মুক্তিযুদ্ধের চেতনায় গভীরভাবে আপ্লুত কবির বিন আনোয়ার বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম (সংকলন ১), বিশ্ব ধারা মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম (সংকলন ২), বিস্মৃত মুসলিম মানস নামক বই প্রকাশ করেছেন।

কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৬ ও ২০১৮ সালে জনপ্রশাসন পদক লাভ করেন তিনি। এ ছাড়া দেশে-বিদেশে জনকল্যাণমুখী কাজের জন্য আইটিইউ (ITU) থেকে লাভ করেন ডব্লিউআইএসআইএস (WISIS) পুরস্কার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD