শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সিলেটের ধর্ষণকাণ্ড: ধর্ষকচক্র যেন রেহাই না পায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

পুরো দেশের চোখ এখন সিলেটের দিকে। রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করে সেখানে যে রোমহষর্ক গণধর্ষণের ঘটনা ঘটেছে, তা এখন ‘টক অব দ্যা কান্ট্রি’।

অপরাধটি ঘটলো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং এমন একটি দিনে, যার পরদিন নারীমুক্তি ও শিক্ষার অগ্রণী ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী। এ কথা উল্লেখ করা অর্থহীন। কারণ, প্রবাদে আছে ‘চোরা না শুনে ধর্মের কাহিনী’। তবুও এমন একটি ঐতিহাসিক ও সামাজিক উত্তরণের বার্তাবাহী দিনে দেশ-দুনিয়ার মানুষকে জানতে হলো চরম নারী নির্যাতন ও অপরাধের ঘৃণ্যতম খবর।

খবরটি হয়তো চাপা পড়ত, যদি না মিডিয়া অতি দ্রুততার সঙ্গে তৎপর হতো। সন্ধ্যার ঘটনা মাঝরাতে মিডিয়ায় আসতে থাকে এজন্য যে স্থানীয় কিছু অসৎ রাজনীতিবিদ গণধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিতে চেয়েছিল। কিন্তু সেই অপচেষ্টা সফল হয়নি।

বরং এই জঘন্য অপরাধের বিরুদ্ধে পুরো দেশ প্রতিবাদে ফুঁসে উঠছে। উত্তাল হয়েছে সিলেট। প্রতিবাদে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভে মুখর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাস। ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত নেতাকর্মীদের বিচার দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।

মিডিয়া জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাস সংলগ্ন সিলেট-তামাবিল সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা । এসময় তারা ধর্ষকদের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি আহ্বান জানান কলেজের শিক্ষার্থীরা।

এর আগে গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই তরুণী। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকার কলেজটির ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। ওই তরুণীকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দায়ের করা হয়েছে মামালাও। ফলে অপরাধীরা কোনোভাবেই যেন রেহাই না পায়। অপরাধী সব সময় অপরাধীই৷ তার রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় এখানে মোটেও বিবেচ্য বিষয় নয়। অপরাধ যে করবে, সে যে-ই হোক, শাস্তি পাবে। এটাই আইনের শাসনের কথা।

সারা দেশ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়। দেখতে চায় আইনের সঠিক ও যথাযথ প্রয়োগ। সিলেটে গৃহবধূকে গণধর্ষণের সঙ্গে জড়িত ধর্ষকচক্র যেন কোনক্রমেই রেহাই না পায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD