সিলেটের শ্রীমঙ্গলে তেলবাহী ওয়াগন ট্রেন লাইনচ্যুত হওয়ার চারদিন পর ফেঞ্চুগঞ্জে মালবাহী একটি ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্রগ্রামের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার মাইজগাঁও রেলস্টেশনের অদূরে মোমিনছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে একটি সারবোঝাই মালবাহী ট্রেন আখাউড়ার উদ্দেশে ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার প্রায় ১৫-২০ মিনিট পর মাইজগাঁও ও ভাটেরা স্টেশনের মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান এলাকায় ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়।
খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ঘণ্টা দুয়েকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান কুলাউড়া স্টেশন মাস্টার মুহিবুর রহমান।
এর আগে শনিবার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ওয়াগনের সাতটি বগি লাইনচ্যুত হয়। ২২ ঘণ্টা পর সেটির উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
লাইটনিউজ