করোনা সংক্রমণ রোধে হজযাত্রীদের জন্য স্বাস্থ্য সুরক্ষামূলক নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। হজযাত্রীদের তাওয়াফ সম্পন্ন করতে তিন হাজার হুইলচেয়ার চালু করেছে সৌদির মসজিদুল হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদ। চলাফেরায় অক্ষম হজযাত্রীদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
হজযাত্রীদের যানসেবা প্রদানকারী বিভাগের প্রধান ফাহাদ আল মালিকি বলেন, তার বিভাগের তত্ত্বাবধানে মসজিদুল হারামের ভেতর হাজিদের জন্য বৈদ্যুতিক যানের ব্যবস্থা করা হয়। এসব হুইল চেয়ারের নিরাপদ চলাচল ও গুণগত মান সুরক্ষাসহ সবকিছু নিশ্চিত করা হয়।
করোনা সংক্রমণ রোধে অনলাইন অ্যাপের মাধ্যমে হজযাত্রীদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়। যেন এসব সংগ্রহ করতে গিয়ে হজযাত্রীদের ভিড় ও সমাগম এড়ানো যায়। হুইল চেয়ারের মাধ্যমে পবিত্র কাবা গৃহ তাওয়াফ ও সাফা-মারওয়া প্রদক্ষিণ করা যাবে।
কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবারের হজযাত্রীদের স্মার্ট কার্ড চালু করা হয়। মসজিদুল হারাম, মিনা ও আরাফায় অবস্থান, হোটেলে যাতায়াতসহ হাজিদের যেকোনো গতিবিধি সম্পর্কে জানতে স্মার্ট কার্ডের ব্যবহার করা হয়।
কভিড-১৯ মহামারি সংক্রমণ রোধে এ বছর করোনা টিকা নেওয়া মাত্র ৬০ হাজার মুসলিম হজ পালন শুরু করেছেন। সৌদিতে অবস্থানরত ১৫০ টি দেশের নাগরিকদের মধ্য থেকে ৬০ হাজার হাজি নির্বাচন করা হয়।