বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

হত্যার রহস্য খুঁজতে গিয়ে ‘চোর চক্র’ ধরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

১ সেপ্টেম্বর দুপুরে পিকআপ চালক সেলিম সর্দারের গলায় গামছা প্যাঁচানো লাশ গাজীপুর নগীর বারবৈকার একটি বাগান থেকে উদ্ধার করে পুলিশ। ওই হত্যা রহস্য উদঘাটন করতে গিয়ে পুলিশ সন্ধান পেয়েছে ভয়ঙ্কর এক ‘পিকআপ ছিনতাই চক্রের’। শনিবার রাতে গাজীপুর ও হবিগঞ্জে অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে সাতটি চোরাই পিকআপ।

রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে জিএমপির উত্তর বিভাগের এডিসি (অপরাধ) রেজওয়ান আহমেদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের বাহুবলের আহাদ (৩৪) ও মারুফ হোসেন (৩০), ময়মনসিংহের ধোবাউড়ার এনামুল (২২), শেরপুর সদরের আমিনুল (২৪) ও টাঙ্গাইলের গোপালপুরের শামীম (২৪)। তারা গাজীপুর সিটির টঙ্গী, বাসন ও শ্রীপুর এলাকায় ভাড়া থাকতেন।

নিহত সেলিম সরদার (৩৩) কুষ্টিয়ার দৌলতপুরের উদয়নগর গ্রামের শাহ জামাল সরদারের ছেলে। গাজীপুর সদরের ফু-ওয়াং গেট (বেগমপুর) এলাকায় ভাড়া থেকে নিজের পিকআপ চালাতেন তিনি।

রেজওয়ান আহমেদ জানান, ৩১ আগস্ট সকালে পিকআপ নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি সেলিম। ওইদিন রাত থেকে তার মোবাইল ফোন বন্ধ পান স্ত্রী ফাতেমা আক্তার। লাশ উদ্ধার হলেও পাওয়া যাচ্ছিল না তার পিকআপ। শনিবার রাতে প্রযুক্তি ব্যবহার করে ওই পাঁটজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, ঘটনার রাতে আহাত ছাড়া অন্যরা নির্মাণকাজে ব্যবহৃত বারবৈকা থেকে শ্রীপুরে একটি মিকচার মেশিন নেওয়ার কথা বলে সেলিমের পিকআপ ১৩০০ টাকায় ভাড়া করে। পিকআপ নিয়ে বারবৈকা গেলে তারা কৌশলে সেলিমকে একটি নির্জন বাগানে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে পিকআপ নিয়ে পালিয়ে যায়। পরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নিয়ে মাত্র ৫০ হাজার টাকায় পিআপটি বিক্রি আহাদের কাছে করে।

পুলিশ কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃত আহাদের কাছ থেকে মোট সাতটি চোরাই পিকআপ উদ্ধার হয়েছে। এর মধ্যে একটি গত ফেব্রুয়ারি এবং অন্য আরেকটি গত আগস্ট মাসে গাজীপুর সদর থানা এলাকা থেকে ছিনতাই করেছিল তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD