শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোটাভুটি হতে যাচ্ছে আজ। প্রণালিতে সংকটি নিয়ে একটি সংশোধিত প্রস্তাবের ওপর আজ ভোটের আয়োজন করা হয়েছে। ইরানের হুমকির প্রেক্ষিতে এই প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনসহ উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলো প্রায় দুই সপ্তাহ আগে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে। প্রাথমিক খসড়ায় হরমুজ প্রণালি খুলে দিতে প্রয়োজনে বলপ্রয়োগের জন্য স্পষ্ট জাতিসংঘ ম্যান্ডেট দেওয়ার কথা বলা হয়েছিল। তবে সম্ভাব্য ভেটোর কারণে সেই কঠোর অবস্থান থেকে সরে এসে প্রস্তাবটি অনেকটাই নমনীয় করা হয়েছে।

নতুন খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ করতে এবং হরমুজ প্রণালিতে চলাচল বা নৌ-স্বাধীনতায় কোনো বাধা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে। যদিও এতে সরাসরি সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। তবে সদস্য রাষ্ট্রগুলোকে ‘পরিস্থিতি অনুযায়ী প্রতিরক্ষামূলক ও সমন্বিত পদক্ষেপ’ নেওয়ার জন্য জোরালোভাবে উৎসাহিত করা হয়েছে। এর মধ্যে বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা সহায়তা দেওয়ার বিষয়ও অন্তর্ভুক্ত।

এছাড়া, আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দেওয়ার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধে দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও বলা হয়েছে। প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করবে পরিষদ।

আলজাজিরা জানিয়েছে, গ্রিনিচ সময় বিকাল ৩টায় এই ভোটটি অনুষ্ঠিত হবে। যা ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়সীমার প্রায় নয় ঘণ্টা আগে। ট্রাম্প ইরানকে একটি চুক্তিতে সম্মত হওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন। অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছেন।

এদিকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক সামরিক হুমকির জবাবে তীব্র ব্যঙ্গ করেছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রসিক ভঙ্গিতে ইরান জানিয়েছে, প্রণালির ‘চাবি নাকি হারিয়ে গেছে’।

সোমবার (০৬ এপ্রিল) ইরানের জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস এক পোস্টে এমন মন্তব্য করেছে।

কেবল জিম্বাবুয়ে দূতাবাস নয়, একইভাবে দক্ষিণ আফ্রিকায় ইরানের মিশনও ব্যঙ্গ করেছে। তারা লিখেছে, ‘চাবিটা ফুলের টবের নিচে রাখা আছে। তবে এটি শুধু বন্ধুদের জন্য।’

সংবাদমাধ্যম জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছিলেন। তার প্রতিক্রিয়াতেই তেহরানের পক্ষ থেকে এমন বিদ্রূপাত্মক মন্তব্য এসেছে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, প্রণালি চালু না করা হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হতে পারে। এমনকি বিদ্যুৎকেন্দ্র ও সেতুর মতো স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD