হাওর অঞ্চলের প্রথম অর্থনৈতিক অঞ্চল শিগগিরই চালু হচ্ছে। কিশোরগঞ্জ ইকোনমিক জোনে (কেইজেড) আগামী মার্চ মাসেই ভারতীয় টাটা গ্রুপ তাদের পিকআপ উৎপাদন শুরু করবে। ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারখানায় বছরে দুই হাজার পিকআপ ভ্যান উৎপাদন করবে বাংলাদেশে টাটার স্থানীয় পার্টনার নিটল-নিলয় গ্রুপ।
জানা গেছে, টাটা ছাড়াও টায়ার ইন্ডাস্ট্রিতে ৬০০ থেকে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করছে নিটল-নিলয় গ্রুপ, যেখানে বছরে সাড়ে তিন লাখ টায়ার তৈরি হবে। লাইট ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য খাতে কিছু বিনিয়োগ আসছে। সব মিলিয়ে এই ইকোনমিক জোনে দুই হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়ক সংলগ্ন প্রায় ৯১.৬৩ একর জমির ওপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছ থেকে অনুমোদন নিয়ে এই জোন করছে নিটল-নিলয় গ্রুপ। এই জোন প্রতিষ্ঠিত হলে প্রাথমিকভাবে দুই হাজার এবং পরে পাঁচ বছরে ক্রমান্বয়ে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
পিকআপ, টায়ারশিল্প ছাড়াও এই জোনে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটি হাব তৈরি করতে চাচ্ছে নিটল-নিলয় গ্রুপ, যেখানে ভারত, চায়না, তুরস্কের বিভিন্ন প্রতিষ্ঠান ছোট ফ্যাক্টরি তৈরি করতে আগ্রহী। তারা গাড়ির বাম্পার, লাইট, বিশেষ করে ইলেকট্রনিক গাড়ির কম্পোনেন্টস তৈরি করবে। এগুলো বাংলাদেশেও বিক্রি হবে আর বিদেশেও রপ্তানি হবে।