রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে হাতিরঝিলের মোড়ল গলির সামনে মধুবাগ ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাতিরঝিল থানার উপপরিদর্শক এসআই সজিব আহমেদ।
তিনি জানান, হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ঢালে হঠাৎ একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুজনই মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান।
এসআই সজিব জানান, নিহত এক যুবকের নাম মো. ফাহিম (২০) বলে জানা গেছে। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।